৫১ বছরের পুরানো রেকর্ড ভাঙল দক্ষিণ আফ্রিকা
অতিরিক্ত রান বাদ দিয়ে কোনো অর্ধশতক ছাড়া সর্বোচ্চ ২৮১ রানের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৬৪ সালের ফেব্রুয়ারির সেই ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে মোট ৩০২ রান করেছিল দলটি। সেই ইনিংসে অতিরিক্ত থেকে এসেছিল ২১ রান।
শুক্রবার নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ৩১৩ রানে। এর মধ্যে ২১ রান আসে অতিরিক্ত থেকে। এবি ডি ভিলিয়ার্সের দলের ১১ ব্যাটসম্যানের মিলিত অবদান ২৯২ রান।
অতিরিক্ত রানসহ কোনো অর্ধশতক ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের। ১৯৮৬ সালের মার্চে পোর্ট অব স্পেনে ৩১৫ রান করেছিল দলটি। সেই ম্যাচে অতিরিক্ত থেকে এসেছিল ৫৯ রান।
দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। কিন্তু কেউই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগারের ৪৬ রানকে ছাড়িয়ে যেতে পারেননি। টেস্টে এ নিয়ে ত্রয়োদশবার কোনো ইনিংসে এগারো ব্যাটসম্যানই দুই অঙ্কে গেল।
