একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ২৭০৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৩২৩টি টেস্ট করে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৬৬ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২ হাজার ৬৬ জন। এর মধ্যে ১ হাজার ৩৭৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।
সবশেষ তথ্যানুযায়ী, করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.৮০ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.০৯ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ২৯ জন পুরুষ, পাঁচজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের, খুলনায় ছয়জনের, পাঁচজনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, সিলেট বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে একজন করে।
বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে, ১০ জনের বয়স ৭১-৮০ বছর, পাঁচজনের বয়স ৫১-৬০ এবং একজন করে মৃত্যু হয়েছে ২১-৩০, ৩১-৪০, ৪১-৫০ ও ৮১-৯০ বছর বয়সীদের মধ্যে।
সবশেষ একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ৭৭৯ জনকে, ছাড় পেয়েছেন ৫৩১ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৯৮ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৭৮১ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৩১৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৯ হাজার ৬৯৩ জন।