দেশে করোনায় আক্রান্ত ৩ লাখ ছাড়াল
সবশেষ চব্বিশ ঘণ্টায় আড়াই হাজার ছাড়ানো নতুন শনাক্ত নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
করোনাভাইরাস সংক্রান্ত সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
দেশে করোনারোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় গত ২ জুন। এরপর করোনার সংক্রমণ আরও দ্রুততর হয়েছে।
অর্ধ লাখে পৌঁছানোর মাত্র ১৬ দিনের মাথায় গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। সেখান থেকে তা দেড় লাখে পৌঁছাতে সময় লাগে ১৪ দিন; ২ জুলাই দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বাকি সাত দিনে শনাক্তের সংখ্যা ছাড়ায় পৌনে দুই লাখ। ৯ জুলাই দেশে কোরোনারোগী ছিল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। সেখান থেকে শনাক্ত ২ লাখ ছাড়ায় ১৮ জুলাই, নয় দিনে।
আক্রান্ত আড়াই লাখ ছাড়ায় ৭ আগস্ট। সেখান থেকে তিন লাখ ছাড়াতে সময় লাগল ১৯ দিন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ হন। আক্রান্তদের মধ্যে আরও ৩ হাজার ৪২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।