জলঢাকায় করোনা ভাইরাস রোধে স্বাস্থ্য উপকরণ বিতরন
নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কোঅপারেশন এর অর্থায়নে জানো প্রকল্পের সহযোগীতায় এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
উপকরণ বিতরণকালীন মাহবুব হাসান বলেন, করোনা ভাইরাসের হাত হতে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা দিতে সরকার নিরলস ভাবে কাজ করছে। আমাদের সচেতনতার ফলে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। তাই আমরা সবাই সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলি,নিজের নিরাপত্তা নিজে করি।
এসময় জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান বলেন, উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিক,১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং ৩টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসব উপকরণ প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরনকালীন উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুর রহমান,খুরশীদা রহমান,তাহমিদুর রহমান মিলন,সাংবাদিক মর্তুজা মাষ্টার প্রমূখ।