মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ২০ সদস্য

প্রতিনিধি ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজেরা করোনা জয় করে এবার অন্য আক্রান্তদের জন্য প্লাজমা দিতে ঢাকায় গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ জন সদস্য।

রবিবার সকালে তারা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উদ্দেশে জেলা পুলিশ লাইনস থেকে রওনা হন।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, করোনাকালে জনসাধারণকে সুরক্ষা, ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম হাতে নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এসব কাজে নিয়োজিতদের মধ্যে এখন পর্যন্ত জেলা পুলিশের ৪২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে পুনরায় তারা কর্মস্থলে ফিরবেন।

তিনি আরও জানান, করোনা যুদ্ধের সামনের সারির এই যোদ্ধারা প্লাজমা দিতে যাওয়ার ব্যাপারে ছিলেন খুবই উৎসাহী।