রৌমারীতে সোনাভরি নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে এসে সোনাভরি নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই তিনজন আপন খালাতো ভাই-বোন।
নিহতরা হলো- গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিসমত বড় বাড়ি গ্রামের অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আ. কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজপাড়া গ্রামের পশ্চিম পাশে সোনাভরি নদীতে গোসল করতে যায় ওই তিন শিশু। এ সময় জিন্নাত খাতুন দিনা পুকুরের গভীরে গেলে সিয়াম তাকে তুলতে গেলে সেও ডুবে যায়। সিয়াম ও দিনাকে তুলতে গিয়ে হামিম মিয়াও পানির গভীরে ডুবে যায়। পরে স্থানীয়রা জাল দিয়ে তাদের উদ্ধার করে রৌমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে নিহতদের পরিবার।’