মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শ্রীমঙ্গলে ইউএনওর বাসায় চুরি, ফুটেজ দেখে গ্রেপ্তার

প্রতিনিধি ৬৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরকে শনাক্ত করে পুলিশ। এরপর টানা তিনদিন অভিযান চালিয়ে অবশেষে গতকাল শনিবার রাতে রাজন নামের ওই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

বিষয়টি নিশ্চিত করে আজ রোববার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, গত সোমবার ভোরে ইউএনও নজরুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তারা ইউএনওর বাসভবনে গিয়ে জানতে পারেন, চোর বাসা থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন, দুটি মোবাইল, নগদ টাকাসহ কিছু বডি স্প্রে নিয়ে গেছে। এরপরই তারা ঘটনার তদন্ত শুরু করেন।

তিনি আরো জানান, ঘটনার তদন্তে নেমে তারা প্রথমে বাসভবনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, সোমবার ভোর ৫টা ২২ মিনিটে এক যুবক খালি গায়ে গামছা পরিহিত অবস্থায় বাসভবনে প্রবেশ করেছে। এ সময় তার হাতে একটি বস্তা ছিলো।

ওসি আরো জানান, তারা সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেছেন। কারণ ওইদিন আনুমানিক সকাল ৭টার দিকে ইউএনও নজরুল ইসলাম তাদের ফোন করে জানিয়েছিলেন, তার বাসায় চুরি হয়েছে।

তিনি আরো বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর রাজনকে শনাক্ত করার পর গত বৃহস্পতিবার থেকে তারা তাকে ধরতে অভিযান শুরু করেন। ওইদিন পুলিশ রাজনকে ধরতে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরের দিন শুক্রবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে, রাজন শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকায় রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। কিন্তু রাজন পুলিশের উপস্থিতি টের পেয়ে ওইদিনও পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শনিবার ফের অভিযানে নামে পুলিশ। এদিন মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে প্রথমে রাজনের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে রাত ৯টার দিকে শাহীবাগ ঈদগাহ মাঠের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুছ ছালেক আরো জানান, ঘটনার দিনই চুরি যাওয়া তিনটি মোবাই ইউএনওর বাসভবনের বাউন্ডারির ভেতর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয়। পরে চোর রাজনকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহীবাগ এলাকার একটি বাসার পেছনে থাকা কচুরিপানার ঝোপ থেকে ল্যাপটপসহ বাকি মালামাল উদ্ধার করা হয়।