মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাজীপুরে বজ্রপাতে ২ কিশোর ক্রিকেটারসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধি ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

বজ্রপাতে গাজীপুর জেলা অনূর্ধ্ব-১৬ দলের দুই ক্রিকেটারসহ তিনজনের মৃত্যু হয়েছে। ওই দুই ক্রিকেটার গাজীপুর স্টেডিয়ামে ফুটবল খেলার সময় মারা যায় আর বিলে মাছ ধরতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

নিহত দুই কিশোর হলো- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান ও কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে এবং জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাদিম হোসেন। বজ্রপাতে মারা যাওয়া অপর ব্যক্তি হলেন- নগরীর জোলারপাড় বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।

নিহত মিজানুর রহমানের সহপাঠী ফরহাদ জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করতে আসেন। তাদেরকে প্রশিক্ষক বাড়ি চলে যেতে বলেন এবং তিনি নিজেও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ বজ্রপাত শুরু হলে তার কবলে পড়ে মিজানুর ও নাদিম। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’ ক্রিকেট প্রশিক্ষক আনোয়ার হোসেন লিটন জানান, করোনাভাইরাসের কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন বৃহস্পতিবার অনুশীলনে আসলেও তাদের বাসায় চলে যেতে বলে তিনিও বাসায় চলে যান। পরে শুনেছেন কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল এবং তাদের মধ্যে দুইজন বজ্রপাতের শিকার হয়ে মারা গেছে।

অপরদিকে বিপ্রবর্তা এলাকার নিহত রিয়াজ উদ্দিনের চাচাত ভাই বাবুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যান। এ সময় তার ছোট ছেলে আশাদুল ইসলাম আহত হয়েছে।