ময়মনসিংহে জেএমবির সক্রিয় সদস্য আটক
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে ইয়াছিন আরাফাত (২২) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব )-১৪।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে গৌরীপুর উপজেলার কলতাপাড়া চুরাইল এলাকায় অভিযান চালিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১ টায় ইয়াছিন আরাফাত আটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে ৩টি উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত ৫টি লিফলেট, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড, পেনড্রাইভ, কার্ড রিডার, মেমোরি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ওই যুবকের বাড়ি ব্রাহ্মবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায়। সে গৌরীপুরের ওই এলাকায় একা বাসা ভাড়া নিয়ে থাকতো এবং রাতে গোপনে উগ্রবাদী বই ও লিফলেট বিতরণ করতো।
এএসপি জোনাঈদ আফ্রাদ আরও জানান, আটককৃত যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী গ্রুপের সাথে যুক্ত ছিল। সেখান থেকে উগ্রবাদ সম্পর্কিত বই ও লিফলেট সংগ্রহ করতো এবং উগ্রবাদী কার্যক্রমে অংশগ্রহণ করতো।
তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।