রোহিঙ্গা শিক্ষকের ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আটক ১
কক্সবাজারের টেকনাফে মাদ্রাসার রোহিঙ্গা শিক্ষকের বিরুদ্ধে ৯ বছরের এক শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটিকে মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক নুরুল হককে রাতে আটক করেছে।
জানা যায় , টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসায় শিক্ষক মৌলভী নুরুল হক বৃহস্পতিবার বিকেল ৪টায় ঐ মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। রোহিঙ্গা শিক্ষক কর্তৃক ধর্ষিত হয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।
ধর্ষণের শিকার শিশুটির পিতা জানান, বিকেলে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় এসে জানায় মৌলভী নুরুল হক তাকে একটি শ্রেণী কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। প্রচুর রক্তকরণ হলে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. নওশাদ রিয়াদ জানিয়েছেন, মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।