কুড়িগ্রাম ও ভোলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়ন ও ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। পৃথক জেলায় ২ জন করে এই চার শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে রৌমারীর বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়রা জানায়, ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা গভীর পানিতে চলে যায়। এ সময় এক পথচারী ওই ২ শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়।
দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ভোলায় ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার (৮) এবং লামিয়া আক্তার (৬)।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, দুই বোন দুপুরে তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা অসাবধানতাবশত পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ পাওয়া যায়।