মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার অধিদপ্তরের কর্মকর্তারা

প্রতিনিধি ৭৩ বার পঠিত ৩ মিনিটের পাঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ ৫ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের পূর্ব রাঘদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস (৫৪), এএসআই গোলাম কিবরিয়া (৪৩), সিপাহী হাসান (৩০), সিপাহী সাইদুর (৩০) ও চালক রাসেল ইসলাম (৩১)। তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যাতা নিশ্চত করেছেন।

ওসি আবু বকর মিয়া জানান, গোপন সূত্রের ভিত্তিতে মুকসুদপুরের পূর্ব রাঘদী গ্রামে শাহিন শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযান চালায়। শাহিনের ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে শাহিনের স্ত্রী সোনিয়া বেগম চিৎকার দেয়। এ সময় বাড়ির অন্যান্যরা এগিয়ে আসে এবং কথা কাটাকাটি হয়। পরে ডাকাত সন্দেহে ওই কর্মকর্তাদের ওপর হামলা চালায় এলাকাবাসী।

হামলাকারীরা এ সময় ওই কর্মকর্তাদের কাছ থেকে মোবাইল সেট, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃত কর্মকর্তাদের উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেয়া ওয়াকিটকি ও হান্ডকাপসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। খবর পেয়ে মুকসুদপুর থানা ও সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ হামলার খবর পেয়ে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনাস্থলে ছুটে যান।

পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস ও এএসআই গোলাম কিবরিয়া জানান, নিজেদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয়পত্র দেখালেও ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকে বাড়ির লোকজন। পরে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। আটকে রাখা হয় দুই জনকে। এ সময় অন্য তিনজন দৌড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে।

মাদক ব্যবসায়ী শাহিনের চাচা মানোয়ারের দাবি, সাদা পোষাকে কিছু লোক এসে শাহিনের দরজা ধাক্কাধাক্কি করে। আমাদের সন্দেহ হয় এবং ডাকাত মনে করে এলাকাবাসী হামলা করে।

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসলাম হোসেন জানান, আমাদের একটি টিম আজ সকালে দুই জেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যায়। এ সময় তারা মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। আহত ৫ জনকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো: আবুল বসার জানান, খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও মুকসুদপুর থানার পুলিশ যৌথভাবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন, ওয়াকিটকি ও অন্যান্য মালামাল পুলিশ উদ্ধার করেছে। মুকসুদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।