নোয়াখালীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২২
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা ৫-৬টি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করমুল্যা বাজারে এ সংঘর্ষ বাঁধে।
আহতরা হলেন- আব্দুল হক (৪৮), সিরাজ মাঝি (৫৫), আব্দুর রহমান (৫০), কামাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৩৭), আব্দুর রহমান (৪০), দেলোয়ার হোসেন (২৫), সালাউদ্দিন (১৯), শহিদ উল্যাহ (৪০), লিটন হোসেন (২৭) ও সিরাজ মিয়া (৪৫)সহ ২২ জন। নাম উল্লেখকৃত আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, কোন প্রকার উস্কানি ছাড়া কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তারের লোকজন সন্ত্রাসী আল আমিন ও রাজুর নেতৃত্বে করমুল্যা বাজারে এসে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি পিটিয়ে অনেককে আহত করেছে। আমার লোক হক সাহেবের দোকানসহ কয়েকটি দোকান ভাঙচুর ও সিরাজ মাঝির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আহতদের মধ্যে আব্দুর রহমান ও আব্দুল হক প্রকাশ হক সাবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছে বলে জানান মেম্বার।
এ বিষয়ে কথা বলতে বাবুল ডাক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। সংঘর্ষকারীরা কয়েকটি দোকানের সামনের কাচ ও সার্টারে ভাঙচুর করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।