‘দেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিএনপি’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল, সেটা সবাই জানে। পরে জনগণ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায় দিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছে, তখনও তারা অব্যাহতভাবে এক যুগ ধরে দেশকে অন্ধকারের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে চলচ্চিত্র প্রযোজক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ১৯৮৭ সালের এই দিনে ঢাকার রাজপথে নূর হোসেন শহীদ হন। তার স্মরণে ড. হাছান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক জীবন্ত পোস্টার হিসেবে সব সময় নূর হোসেনের নাম রক্তাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও আইন সম্পাদক আরএম ইউনুস রুবেল এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে, সেনা ছাউনির মধ্যে, শত শত সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানের লাশের ওপর দাঁড়িয়ে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল, তা সবাই জানে। হাওয়া ভবনে সমান্তরাল সরকার পরিচালনা আর খোয়াব ভবনে ছিল আমোদ-ফুর্তি। তখন বাংলা ভাই, শাইখ আবদুর রহমান এই সব জঙ্গির উত্থান ঘটেছিল। দেশে আদালতে বোমা, রাজপথে বোমা, পাঁচশ’র বেশি স্থানে একযোগে বোমা, এগুলো বিএনপির আমলেই হয়েছিল।
তথ্যমন্ত্রী বলেন, তারা গণতন্ত্র ধ্বংস করার জন্য শুধু নির্বাচন বর্জনই নয়, নির্বাচন বানচালের জন্য পেট্রোলবোমা মেরে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচনী কর্মকর্তাকে বোমা মেরে, পুড়িয়ে হত্যা করেছে। সভ্য দুনিয়ার কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। সে কারণে কানাডার আদালতের রায়ের মধ্যে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে বলা হয়েছে। সুতরাং আন্তর্জাতিকভাবে আদালতে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত বিএনপির মুখে এসব কথা শোভা পায় না।
চলচ্চিত্র প্রযোজক এবং হল মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন গত মাসের ১৬ তারিখ থেকে সিনেমা হলগুলো খুলে দেয়া হয়েছে। করোনাসহ নানাবিধ কারণে বিশেষ করে নতুন ছবি মুক্তি পায়নি, সে কারণে সিনেমা হলে আশানুরূপ দর্শক হচ্ছে না। এ পরিস্থিতি উত্তরণে নতুন সিনেমা মুক্তি দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।