ঢাকা দায়রা জজ আদালতের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বিচার চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এজলাসে অবস্থানকলীন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘আদালত চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে মামলার নথির ক্ষতি হওয়ার আশঙ্কা করছি। যদিও আগুন লাগার সাথে সাথে আদালতের স্টাফরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে ঝুঁকি নিয়ে কিছু নথি বের করেছে।’
জানা যায়, সংশ্লিষ্ট আদালতে আসামিদের জামিন শুনানি চলছিল। বিচারকের পাশে একটি জায়গা থেকে ধোঁয়া আসতে থাকে। এরপর পুরো এজলাস কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে এ আগুনের সূত্রপাত। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
এদিকে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পানির পাশাপাশি বিশেষ এয়ারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।