মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইউএনওর বিরুদ্ধে সেই চেয়ারম্যানের পাল্টা জিডি

প্রতিনিধি ৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে এবার থানায় পাল্টা জিডি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।

সোমবার তিনি বাদী হয়ে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের বিরুদ্ধে এ জিডি করেন। এর আগে গত রোববার ওই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করেছিলেন ইউএনও।

উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস তার জিডিতে উল্লেখ করেছেন, ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনসহ কিছু কর্মকর্তা ওই উপজেলাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর ওই সব দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই। তখন আমার বিরুদ্ধে নানা যড়ষন্ত্র শুরু হয়। ফলে গত ১২ নভেম্বর ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনসহ তার অনুসারী কিছু কর্মকর্তা আমার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর মিথ্যা অভিযোগ করেন। এ নিয়ে আমি সাংবাদিক সম্মেলন করলে সোমবার আমার বিরুদ্ধে জিডি করেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন।

সুত্র মতে, ওই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের সঙ্গে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের বিরোধ চলে আসছে। সম্প্রতি এডিপি ও আশ্রয়ন প্রকল্প’র ভাগাভাগির বিরোধ নতুন মাত্রা পায়। গত ১২ নভেম্বর মাসিক সমন্বয় সভায় ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতার তালিকা তৈরি নিয়ে সেই বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান জিডি করেছেন বিষয়টি আমি শুনেছি। আমরা সকল দপ্তরের কর্মকর্তারা লিখিত অভিযোগ দিয়েছি। উপরের মহল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আমরা বিশ্বাস রাখি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, ‘আমার বিরুদ্ধে নানাভাবে যড়ষন্ত্র চলছে। মিথ্যা অভিযোগ ও মিথ্যা জিডি করেছেন ইউএনও। এসব প্রতিকার চেয়ে আমিও জিডি করেছি।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ইউএনও দুইজনে পাল্টাপাল্টি জিডি করেছেন। তদন্ত করে আমরা ব্যবস্থা নেবো।’