‘জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী’
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শহীদ জিয়ার মাজারে যদি সরকার হাত দেয়-তাহলে আওয়ামী লীগ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।
শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি। খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দীন-মইনুদ্দিনের সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছিল। হাসিনাও ব্যর্থ হবে কারণ বিএনপির শেকড় হচ্ছে তৃণমূল পর্যায়ে বিস্তৃত ও শক্তিশালী।
নোমান বলেন, সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদিকে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে দমন করছে, অন্যদিকে ঢাকা থেকে শহীদ জিয়ার মাজার অপসারণ করার আস্ফালন করছে।
তিনি বলেন, সরকার আদালতকে রিমোর্ট কন্টোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বিচার বিভাগের স্বাধীনতা এখন অনেকটা অর্থহীন হয়ে পড়েছে। প্রধান বিচারপতির বক্তব্যে সরকারের শীর্ষ পর্যায়ে গাত্রদাহ শুরু হয়েছে।
