হাজী সেলিমের দখলে থাকা স্কুলের জমি উদ্ধার
হাজী সেলিমের দখলে থাকা পুরান ঢাকার লালবাগে ‘বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলের জন্য বরাদ্দ জমিতে থাকা মদিনা ফিলিং স্টেশনের একাংশ উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
সোমবার সকালে কামালবাগ এলাকায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত।
সেখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিলিং স্টেশনের পূর্বপাশের গাড়ি ধোয়ার একটি ছাউনি এবং পশ্চিম পাশে গাড়ি মেরামতের একটি টিনশেড ঘর ভেঙে দেয়া হয়। ভেঙে দেয়া হয় হাজী সেলিমের দখলে থাকা একটি গুদাম ঘর।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক বলেন, ‘ফিলিং স্টেশনের যতটুকু বিআইডব্লিউটিএর সীমানায় পড়েছে ততটুকু ভেঙে দেয়া হচ্ছে।’
এ সময় হাজী সেলিমের লোকজন ফিলিং স্টেশনে থাকলেও তারা কোনো ধরনের প্রতিবাদ করেননি।
ফিলিং স্টেশনের সামনের দিকের পাম্পের শেডটি উচ্ছেদ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বিস্ফোরক অর্থাৎ তৈল জাতীয় পদার্থ রয়েছে তাই ভাঙা হয়নি। উনারা নিজেই ভেঙে নেবেন বলে জানিয়েছেন।’
বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য স্কুল ভবন ও বধির কমপ্লেক্স নির্মাণে ২০০৫ সালে লালবাগের কামালবাগ এলাকায় এক একর জমি বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসন। জমিটি সরকারের অকৃষি খাসজমি।
এই জমিই ২০০৮ সালে দখলে নিয়ে হাজী সেলিম মদিনা ফিলিং স্টেশন গড়ে তোলেন বলে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা জানিয়েছে।