মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফায়দা লুটতে মৌলবাদ উসকে দিচ্ছে সরকার : ফখরুল

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে। যার কারণ, এটাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে। মৌলবাদে উত্থান হয়েছে এই আওয়ামী লীগ সরকারে আমলেই।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সাথে মৌলবাদের কোন সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোন জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে, যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে, তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশের যতো অপকর্ম সব তারাই করেছে। ৭২ এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিলো সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

আওয়ামী লীগ প্রতিটি সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা যানে বিএনপি আছে, শক্তিশালীভাবে আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই, বলেন ফখরুল।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে, কোন নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।