দুই মাস পর দলীয় কার্যালয়ে রিজভী
প্রায় দুই মাস পর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। লাঠি হাতে খুব আস্তে আস্তে সিড়ি বেয়ে তিন তলার নিজের দপ্তরে বসেন রিজভী। কুশল বিনিময় করেন অফিস কর্মীদের সঙ্গে। তাদের শারীরিক অবস্থা, পরিবারের খোঁজ-খবর নেন তিনি।
রিজভীর হঠাৎ করেই অফিসে আসায় কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কাছাকাছি থাকা কয়েকজন নেতা-কর্মী ছুটে আসে তাদের প্রিয় রিজভীকে দেখতে। মাস্ক পরে রুমে ঢুকে সালাম দেয় তারা।
অফিস কর্মীদের সঙ্গে উঠোন বৈঠকের মতো বসে নিজের অসুস্থতার সেই দিনগুলো স্মৃতি রোমস্থ করতে দেখা যায়।
এসময় রিজভী বলেন, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সর্তকতার সাথে চলতে হচ্ছে। যেটা আগে কখনোই আমি করিনি। এই করোনাকালে কত জায়গায় আমি মানুষের কাছাকাছি গিয়েছি তার কোনো হিসাব নেই।
প্রতিদিন আসবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন অফিসে আসার চেষ্টা করবো, যদি শরীরটা এরকম ভালো থাকে।
সর্বশেষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নয়াপল্টনে অফিস করেন গত ১২ নভেম্বর। এর পরদিন জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের গাড়িতে উঠার পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ নভেম্বর তার হৃদযন্ত্রে এনজিওগ্রামের মাধ্যমে রিং পরানো হয়। চারদিন সেই হাসপাতালে থেকে সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুরের বাসায় ফেরেন।
স্ত্রীর করোনার বিষয়ে রিজভী জানান, তার সহধর্মিনী ও শ্যালিকা সুস্থ আছেন, তেমন কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তারা।