বার কাউন্সিলের লিখিত পরীক্ষা নিয়ে তুলকালাম
সব আলোচনা-সমালোচনা শেষে আজ শনিবার সকাল নয়টা থেকে ঢাকার নয়টি কেন্দ্রে শুরু হয়েছিলো বার কাউন্সিলের লিখিত পরীক্ষা। কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কেন্দ্র থেকে বের হয়ে যান অনেকে।
পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র কঠিন হয়েছে। এতে ১০ শতাংশ পরীক্ষার্থীও পাস করবে না। নির্ধারিত বইয়ের ভেতর থেকে প্রশ্ন করা হয়নি। করোনা প্রাদুর্ভাবের কারণে লিখিত পরীক্ষা না নিয়ে শুধু ভাইবার মাধ্যমে আইনজীবী সনদ দেয়ার দাবিতে আন্দোলন করায় এমনটা করা হয়েছে।
সকাল সোয়া নয়টার দিকে পুরান ঢাকার মহানগর মহিলা কলেজ কেন্দ্রে দেখা গেছে, সব রুমের পরীক্ষার্থীরা শুরুতে হৈ-হুল্লোড় শুরু করেন। এক পর্যায়ে প্রশ্নপত্র ও খাতা নিয়েই পরীক্ষার হল থেকে বের হয়ে যান। এতে কেন্দ্রজুড়ে আতঙ্ক দেখা দেয়।
একই ধরনের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। সেখানে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরও করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘বার কাউন্সিল যে প্রশ্ন করেছে তা কোন প্রশ্নের মাপকাঠিতেই পড়ে না। জুডিশিয়ারির পরীক্ষায় এমন প্রশ্ন হতেই পারে না। এ কারণে আমরা পরীক্ষা না দিয়ে বের হয়ে গেছি। কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে চাইলেও তাদেরকে বাকিরা ধরে বের করে দিয়েছে। এখন শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান করছে।’
বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দুইটি হলে এ রকম ঘটনা শুনতে পেয়েছি। পরীক্ষা চলবে। যারা পরীক্ষা না দেয়ার আন্দোলন করেছিল, তারাই এমনটি করছে।’
সার্বিক বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বসেই সিদ্ধান্ত নেব। আপাতত পরীক্ষা চলবে।’
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়।
সে অনুসারে ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থী মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী এবার লিখিত পরীক্ষায় অংশ নেন।