ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সরকারি জমিদখল করে অবৈধভাবে গড়ে ওঠা আট শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শিমরাইলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপসহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে আট শতাধিক কাঁচা-পাকা দোকান গড়ে তোলা হয়েছে। দখলকারীরা এসব দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল।
তাই সরকারি রাস্তা দখল করে এসব অবৈধভাবে গড়ে তোলায় সব দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান সওজের ওই কর্মকর্তা।