মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফরিদগঞ্জে অস্ত্রসহ মেয়র প্রার্থী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রসহ সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবলীগ নেতা মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী পুলিশের হাতে আটক হয়েছেন। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন।

তিনি জানান, আটক বাঁধন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানা পুলিশের এস আই নাছির উদ্দিন বাদী হয়ে সরকারি কাজে বাঁধা, অস্ত্র আইন ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

ঘটনা প্রসঙ্গে পাহারাদার সাহাবুদ্দিন জানান, ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী গং মাছের আবাদ করে। পরে মেয়র প্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী ইচ্ছেকৃতভাবে ওই মাছের ঘেরের বাঁধ কেটে দেয়। যাতে পানির স্রোতে মাছ ভেসে যায়।

সাহাবুদ্দিন আরও জানান, আমি বাঁধা দিতে গেলে বাঁধন পাটওয়ারী আমাকে অস্ত্র দিয়ে মারার হুমকি দেয়। আমরা মাছের ঘেরটি রক্ষার জন্য মালিক পক্ষসহ থানা পুলিশের শরনাপন্ন হই। শুক্রবার ভোরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের সাথে বাঁধন পাটওয়ারীর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোড়া এবং ককটেল সদৃশ বস্তু পেয়ে তাকে আটক করে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এর আগে বাঁধন পাটোওয়ারী গেলো ইউপি নির্বাচনে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের শওকত চেয়ারম্যান বিজয়ের লক্ষে ১ দল সন্ত্রাসীকে নিয়ে বিভিন্ন কেন্দ্র দখল করেন। পরে বেলা ১২টায় ৮নং পাইকপাড়া ৫ নং ওয়ার্ডে কেন্দ্র দখল করতে গেলে এলাকাবাসী চারদিকের রাস্তায় গাছের গুড়ি ফেলে দিয়ে তার পথ অবরুদ্ধ করে। তখন পুলিশ ও বিজিবি তাকে অস্ত্রসহ আটক করে।

দীর্ঘদিন জেল খাটার পরে এখন জামিনে মুক্ত থাকার পর পুনরায় আটক হলো। এদিকে আটকের ব্যপারে বাঁধন পাটওয়ারী জানান, আমাকে সুপরিকল্পিতভাবে মিথ্যা ঘটনা সাজিয়ে ফাঁসানো হয়েছে। আমি কখনোই পুলিশের ওপর হামলা করিনি।