গণমাধ্যমের কণ্ঠরোধ করা আওয়ামী লীগের অবদান- রিজভী
স্বাধীন গণমাধ্যম জিয়াউর রহমানের সৃষ্টি জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা আওয়ামী লীগের অবদান। বর্তমানে দেশে স্বাধীন কোন গণমাধ্যম নেই। তাদের উপর ধারালো তরবারি ঝুলছে।
শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপিকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক আখ্যা দিয়ে রিজভী আহমেদ বলেন, ‘এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার দল বিএনপি। আগামী দিনের গণতন্ত্র, রাষ্ট্র ও স্বার্বভৌমত্বের নিরাপত্তা- এসব কিছুকেই সামনে রেখে এ কাউন্সিল মানুষের কাছে নতুন উদ্যোগ, উদ্যোম ও আশাবাদের কাউন্সিল হবে।’
তিনি আরও বলেন, দেশ আজ ভয়ঙ্কর অরাজকতার মধ্যে আছে। সরকার গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু উন্নয়নের কথা বলছে। গণতন্ত্র ছাড়া তাদের উন্নয়ন বলতে আমি বুঝি যুবলীগ-ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢাকা শহরে লোক দেখানো ফ্লাই ওভার আর ভিত্তিপ্রস্তর স্থাপন।
আওয়ামী লীগ নোবেল বিজয়ী ড. মো. ইউনুসকে অপমানিত করেছে মন্তব্য করে তিনি বলেন, তারা ড. ইউনুসকে তাচ্ছিল্য করে ভারতের অমর্ত্য সেনকে এ দেশে বড় করার চেষ্টা করছে।
