ময়মনসিংহে এমপিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এমপিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে ত্রিশালের স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কালাম আদালতে এ মামলা দায়ের করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়।
পরে ৩নং আমলী আদালতের বিচারক মিটফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন।
এম এ হান্নান এমপি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
আসামিদের বিরুদ্ধে ৭১ সালের ২১ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন শান্তি কমিটির ময়মনসিংহ শহর শাখার আহ্বায়ক এম এ হান্নানের নির্দেশে রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক ও সামসুল হক বাচ্চুসহ পাক হানাদার বাহিনী ও তার দোসররা ত্রিশালের কালির বাজার ও কানিহারী এলাকায় শতাধিক গণহত্যা, কয়েক কোটি টাকার সম্পদ লুন্ঠন, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- ত্রিশাল তালতলার মাওলানা মোফাজ্জল হোসেন ও ইব্রাহিম মিয়া, কানিহারী দেওপাড়ার মোখলেচুর রহমান মুকুল, বইলর হোদ্দারভিটা রাজাকার কমান্ডার আদিল, বিয়ারতা গ্রামের শামসুল হক ফকির, নুরুল হক ফকির, নজরুল ইসলাম ফকির ও সুলতান ফকির, কানিহারি দেওপাড়ার সাইদুর রহমান রতন, কাঠাল গ্রামের মুকুল মাষ্টার ও হেলাল উদ্দিন, কানিহারীর মোর্শেদ আলী, কালীর বাজারের কফিল উদ্দিন, বারই গ্রামের খাদেম আলী।
এছাড়াও মামলার এজাহারভূক্ত ৮ জন আসামি ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।