সোনাতলায় ১৪৪ ধারা জারি
একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহ্বান করায় বগুড়ার সোনাতলা উপজেলায় শান্তিভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা গেছে, আগামী ১৩ মার্চ সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলার মহিচরণ উচ্চ বিদ্যালয় মাঠে দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিনহাজ্জুমান লিটন।
একই সময়ে, একই স্থানে দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন।
এভাবে দুই পক্ষের সভা আহ্বান করাকে কেন্দ্র করে গতকাল রোববার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ছাড়া সভাকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ১৪৪ ধারা ঘোষণার পর আজ সোমবার সকাল থেকে স্কুল মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।