চাঁদপুরে নৌ-পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ জেলে নিহত
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযানে জেলেদের সঙ্গে নৌপুলিশের টহল দলের সংঘর্ষ হয়েছে। এ সময় শটগানের গুলিতে গুরুতর আহত এক জেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত জেলের নাম মাসুদ হোসেন (২২)। তার বাড়ি মুন্সিগঞ্জের কালীরচর এলাকায়।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলেদের নিক্ষেপ করা ইটপাটকেলে মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসেন আহত হয়েছেন।
চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌপুলিশের টহল দল রাতে নদীতে নামে। এ সময় মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ৫ সদস্যের একদল জেলে নদীর জাটকা নিধন করছিলেন। পুলিশ ধাওয়া করলে বিপরীত দিক থেকে জেলেরা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। এতে মাসুদ নামে এক জেলে বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হন।
নৌ পুলিশ সুপার আরও বলেন, এ সময় পুলিশ আহত অবস্থায় মাসুদ হোসেনসহ নবীর হোসেন (১৫) ও আমির হোসেন (৭৫) নামে আরও তিন জেলেকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাসুদকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে মাসুদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আটক দুজনকে মতলব মোহনপুর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।