মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার বিকেল ৫টার দিকে লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিশ্বনাথের পূর্ব চানশী কাপন গ্রামের ডা. চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০), মেয়ে কামরুন্নাহার শিপা (২২) ও অটোরিকশা চালক ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া (৩৫)। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিকেল পৌনে ৫টার দিকে লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

ওসি আরো জানান, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, মহাসড়কে সিএনজি-অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হলেও মানছে না অনেক চালক। ফলে এই মহাসড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ডা. এনামুল হক জানান, লালা বাজার এলাকায় ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসটি প্রথমে তাদের অটোরিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশা স্লিপ কেটে রোড থেকে সরে যায়। এ সময় সামনের আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে অন্য একটাক্যাভার্ড ভ্যানের নিচে ঢুকিয়ে দেয় বাসটি। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।