বরগুনায় টমটমের ধাক্কায় রিকশার দুই যাত্রী নিহত
বরগুনার মহাসড়কে টমটমের ধাক্কায় রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে বরগুনার মহাসড়ক সংলগ্ন শহীদের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সদর থানার মোবাইল-২-এর দায়িত্বে থাকা এএসআই ইউসুফ হোসাইন জানান, মহাসড়ক কুয়েত প্রবাসী হাসপাতাল সংলগ্ন স্থানীয় চায়ের দোকানী উজ্জল রায় (২০) ও একই এলাকার লন্ড্রীর দোকানী চয়ন শীল (২০) দুপুরের দিকে ঘুরতে বের হন। পরে রিকশাযোগে বাসার উদ্দেশে রওনা হয়ে শহীদের গ্যারেজের কাছাকাছি আসলে পাগলের ধাওয়া ও ঢিল ছোড়ার কারণে রিকশা দ্রুত চালাতে গিয়ে রাস্তায় আছড়ে পড়ে।
ওই সময় পেছন দিক থেকে একটি টমটম এসে রিকশার যাত্রী উজ্জ্বল ও চয়নের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসাপতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, রিকশারচালক খোকন ও টমটমচালক দুর্ঘটনায় আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।