চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় মঙ্গলবার বেলা পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক হেলপার চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৩৫) ও লরি চালক রাসেল (৩৮)।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় একটি ট্রাক (ফেনী-ট-১১-০০৪৬) দাঁড়িয়ে ছিল। ঢাকামুখী একটি লরি (ঢাকামেট্রো-ঢ-৬২-০০১৬) ট্রাকটি ধাক্কা দেয়।
এ সময় পূর্ব দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। একপর্যায়ে লরিটি সড়কের পাশে থাকা হোটেলে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও সাতজন।
খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- ট্রাক চালক শহীদ, লরির হেলপার শাহাদাত, স্থানীয় রাজন, জামাল, রেদোয়ান, মামুন ও রাজিব।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান বলেন, নিহত ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নেওয়া হয়েছে।