মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ধরমপুর এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার ধরমপুর নামক স্থানে সিএনজিচলিত অটোরিকশা ও বালুভর্তি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয়জন মারা যান।

 

বালুভর্তি ট্রাকটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। অপরদিকে সিএনজিচলিত অটোরিকশাটি নেত্রকোনা যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিসিড়ি ইউনিয়নের পলাশকান্দি নওয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে পান্না মেহেদী (৩৫), তার স্ত্রী পপি আক্তার (৩০), পান্নার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী চয়নের স্ত্রী আয়েশা আক্তার (২৪), তার শিশুকন্যা মীম (৮), পান্নার ছোট বোন আসমা আক্তার (২২) ও অটোরিকশাচালক একই উপজেলার টাকেরপাড়া ইউনিয়নের ঘোদাইরা রামপাড়ার আবুল হোসেন।

 

তারাকান্দা থানার ওসি মো. মাজাহারুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নেত্রকোনা থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৮৬৯) ময়মনসিংহে আসার পথে বিরিসিড়িগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ছিটকে রাস্তার পাশে একটি গাছের সাথে আটকে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছয়জনকে মৃত এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতরা হলেন নিহত আসমার ছেলে আরিফ (২) ও ব্যবসায়ী আরমান (৩৫)। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, মেহেদীরা অসুস্থ ছিলেন। তারা ময়মনসিংহে ডাক্তার দেখিয়ে রিজার্ভ করা অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

 

তারাকান্দা থানার এসআই নজরুল ও সারোযার ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ছয়জন নিহত ও দুইজন আহত হন। আহত শিশুসহ দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক ও অটোরিকশা আটক করে থানায় নিয়ে গেছে।