সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই রাজমিস্ত্রির
কুষ্টিয়া সদর উপজেলায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুগিয়া কদমতলা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে সাদেক মল্লিক (৪০) ও মালিক আলী (৩০) নামের দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির।
নিহত সাবিক মল্লিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত স্বামীর মল্লিকের ছেলে। তিনি দুই ছেলেসন্তানের বাবা ছিলেন। আর নিহত মানিক আলী সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের বাবা ছিলেন। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যুগিয়া কদমতলা এলাকায় মৃত মাহাতাব উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের নতুন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাদিকও ট্যাংকের ভেতরে নামেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এ সময় সাদিকও ট্যাংকের ভেতর পড়ে মৃত্যুবরণ করেন।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মানিক ও সাদিকের মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, মানিক ও সাদিক যুগিয়া কদমতলা এলাকায় আমিরুল ইসলামের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।