মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইসরায়েলের সঙ্গে নতুন প্রেম কেন, প্রশ্ন ফখরুলের

ডেস্ক রিপোর্ট ৬২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

বাংলাদেশের পাসপোর্টে ‘অ্যাকসেপ্ট ইসরায়েল’ কথাটি বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রশ্ন তুলেন, ‘ইসরায়েল আসলে মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার কেন নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে?’

রোববার (২৩ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দলীয় মতামত তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ইসরায়েল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু। কারণ, তারা মানবাধিকারকে ধবংস করছে। অনেকে বলেন যে, প্যালেস্টাইন ইসলামী রাষ্ট্র সেই সমর্থনে। না, আমরা ফিলিস্তিনকে সমর্থন করি এ কারণে যে, সেটাও একটি রাষ্ট্র এবং তার মানুষগুলোও ‘মানুষ‘। বিশেষ করে শিশুরা। প্রায় একশ শিশুকে হত্যা করা হয়েছে গত কয়েক দিনে। কয়েক বছর আগে প্রায় তিন লাখ শিশুকে হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি একটা যোগসূত্র দেই আপনাদের (সাংবাদিক)। কয়েকদিন আগে আল-জাজিরাতে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে একটা বিশেষ সার্ভিলেন্সের যে ডিভাইস বা যন্ত্র, এই যন্ত্র অরিজিনালি ইসরায়েল থেকে সংগ্রহ করা হয়েছে। সেজন্য এখন জনগণের মাঝে আশঙ্কা সৃষ্টি হয়েছে তাহলে কি ইসরায়েলের সঙ্গে সরকার আবারও ওই ধরনের কোনো চুক্তি করতে যাচ্ছে, বা কিছু করতে যাচ্ছে?’

ফখরুল বলেন, ‘আমরা সবাই জানি যে, ইসরায়েল কিন্তু গোয়েন্দাবৃত্তিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওটা করে কিন্তু সে এখনো মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে আছে। সুতরাং এই বিষয়গুলো জনগণ অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। লক্ষ্য করছে যে, কোন দিকে যাচ্ছি আমরা? অলরেডি তো গেছি। অন্ধকার মধ্যযুগীয় বর্বরতার দিকে যেখানে মানুষের ন্যুনতম অধিকারটুকু থাকবে না।’

ইসরায়েলের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। ইসরায়েলের বিরোধী অবস্থান আমাদের। আমরা স্ট্রেটকাট বলতে চাই- ইসরায়েলের বিপক্ষে আমরা বরাবরই ছিলাম, এখনো আছি। আর বিএনপি খুব স্পষ্টভাবে বলতে চায়, ইসরায়েলের মানবতাবিরোধী বর্বরোচিত হামলা, মধ্যপ্রাচ্যে যে অশান্তি সৃষ্টি করা এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে যে একেবারে ধবংস করে ফেলা এর মূলে হচ্ছে তারা। আন্তর্জাতিক বিশ্বের উচিত সেই ইসরায়েলকে সম্পূর্ণভাবে বিরত করা এবং ফিলিস্তিনিদের যে স্বাধিকার ও স্বাধীন রাষ্ট্রের যে অধিকার সেটা নিশ্চিত করা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মনগড়া উল্লেখ করে ফখরুল বলেন, ‘তিনি গতকাল বলেছেন, বিএনপি গণমাধ্যমের বন্ধু সেজে সাংবাদিকদের উস্কানি দিচ্ছে। এটা একেবারেই একটি মনগড়া এবং নিজেদের অপরাধগুলোকে ঢাকার জন্য একটি মন্তব্য আরকি।’