ধামরাইয়ে ব্যাগে মোড়ানো জীবিত এক নবজাতক উদ্ধার
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর এলাকা থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সুয়াপুর এলাকায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে স্থানীয়রা প্রথমে ওই শিশুটিকে উদ্ধার করে। পরে তারা ধামরাই থানা পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করে। এদিকে শিশুটির কোন স্বজন পাওয়া না যাওয়ায় তাকে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সুয়াপুর যাওয়ার আঞ্চলিক সড়কের পাশে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুর কান্না শুনতে পায় স্থানীয়রা। পরে তারা ব্যাগ খুলে নবজাতক একটি ছেলে শিশু দেখতে পায়। এরপরে স্থানীয়রা শিশুটির স্বজনদের কোন সন্ধান না পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শিশুটির কোন স্বজন পাওয়া না যাওয়ায় শিশুটিকে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া কে বা কারা শিশুটিকে ব্যাগ ভর্তি করে সড়কের পাশে ফেলে গেছে। পুলিশ তাদের খুঁজে বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে।