চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
এ ব্যাপারে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ৭০২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আজকের মধ্যেই বাকি ৩৭ ইউপির চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের এক বিশাল সংগঠনে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক সংগঠন রয়েছে। ইতিহাস এবং ঐতিহ্যের ধারায় বহু যোগ্য প্রার্থী ছিল। এই মনোনয়ন বোর্ডকে একজন চেয়ারম্যান প্রার্থী ছাড়া দুজনকে দেওয়া যাবে না বিধায় অনেকেই বাদ পড়েছেন। মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভের জন্য সবাইকে আত্মনিয়োগ কররা আহ্বান জানান নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে গণতন্ত্রের ভিত্তিই কেবল মজবুত হবে না, বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। কেন্দ্র থেকে তৃণমূল অনেক শক্তিশালী, সেটি প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধবিরোধী, রাজাকার, আলশামস, জামায়াতে ইসলামী বা বিএনপির কেউ মনোনয়ন যেন না পায়, এ জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে।
আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া শুরু হবে। ওই দিন ৭৩৯টি ইউপিতে এ নির্বাচন হবে। এবারই প্রথম পৌরসভার পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ছয় ধাপে। প্রথম দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ৩ মার্চ।