আমরা বিএনপিকে শক্তিশালী দল হিসেবে দেখতে চাই : নাসিম
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণেই দলটি সাংগঠনিকভাবে ‘বিপর্যস্ত’- এ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে শক্তিশালী দল হিসেবে দেখতে চান তারা। আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আজ সাংগঠনিকভাবে বিপর্যস্ত, এর জন্য খালেদা নিজেই দায়ী। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক। রাজনীতির মাঠে হোক আর নির্বাচনের মাঠেই হোক, আমরা তাদের সাথে লড়াই করতে চাই। কারণ রাজনৈতিক দল ছাড়া রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না। কিন্তু খালেদার ভুলে বিএনপি সংসদেও আসন হারিয়েছে।
এ সময় বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমস্ত্রী নাসিম। নাসিম বলেন, ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হতে বলে গেছে। আমরাও বলি ২০১৯ সালের জন্য প্রস্তুত হোন।
নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ‘আপত্তি নেই’ মন্তব্য করে এজন্য বিএনপিকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে কারো আপত্তি নেই। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সামনে এজন্য আলোচনা হয়েছিল, সেখানে খালেদাও ছিলেন। সে অনুযায়ী নির্বাচন হচ্ছে। তাতে আমরা যেমন জিতেছি, তেমন হারছি।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা উদার রাজনীতি করেন, তার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করব। আপনারা প্রস্তাব দিচ্ছেন না কেন? সবার সাথে আলোচনা করেই পরবর্তী নির্বাচন কমিশন আরও শক্তিশালী করা হবে। তিনি আরো বলেন
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাতে অংশ না নেওয়া বিএনপি বরাবরই বর্তমান সরকারকেও ‘অবৈধ’ বলে আসছে।
এ ধরনের বক্তব্যের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা আমাদের অবৈধ বলেন, আর সে অবৈধ সরকারের অধীনেই ইউপি নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। তাই আপনাদের কাজেই আপনাদের কথা মূল্যহীন ও গুরুত্বহীন হয়ে গেছে।
খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, আপনি (খালেদা) মিথ্যা, অসত্য ও যুক্তিহীন কথা বলে মাঠ গরম করছেন। এতে আপনি নেতৃত্বের যোগ্যতা হারাচ্ছেন। তিনি আরো বলেন, নির্বাচনে যখন আসছেন, তখন বৈধ বা অবৈধ বলে লাভ হবে না। এতে জনগণ হাসে, তামাশা করে আপনাকে নিয়ে। এতে আপনার দলকে ও নিজেকে দুর্বল করছেন আপনি।
এ ছাড়াও বিএনপি ‘একের পর এক অযৌক্তিক ও পরিপূর্ণভাবে মিথ্যাচার’ করে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ও সাম্যবাদী দলের হারুন চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০২-২০১৬ইং/ অর্থ