মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পশুর হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে কোরবানির পশুর হাট বন্ধ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। তবে এতে কেউ আহত হননি। আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে চিরিংগা বাজারে পশুর হাট বসানো হয়। আজ দুপুর থেকে ওই হাটে গরু আনতে শুরু করে বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ সেখানে অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্দ খোরশেদ আলম খান জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে পশুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি নিয়ে সেখানে হামলা চালায়। এতে গাড়ির ভিতরে ও বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে পশুর হাটটি বন্ধ করা হয়েছে।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।