মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জামালপুরের যেকোন উন্নয়ন কর্মকাণ্ডের পূর্ণ সহযোগিতা করব : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ৪ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-আজ সোমবার দুপুরে জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসব উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে দুই পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার লিখিত বক্তব্যের একাংশে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই সরকার প্রণয়ন করেছে জাতীয় শিক্ষানীতি-২০১০। প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, ঝরেপড়া শিক্ষার্থীদের হার কমানোসহ শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ। খুব শীঘ্রই মধ্য আয়ের দেশে পরিণত হবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই দেশের বিদ্যুত সংকট দূর হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মঙ্গা বলতে এখন আর কিছুই নাই। চিকিৎসা ক্ষেত্রে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পুরুস্কার লাভ করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসাবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে রিজার্ভ বেড়েছে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ। স্থল-সীমান্ত চুক্তি, সমুদ্র বিজয়ের মাধ্যমে নতুন ভূখণ্ড লাভ বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ এখন মজবুত অর্থনৈতিক থিত্তির উপর দাঁড়িয়ে। পদ্মা সেতুর মত বৃহৎ একটি প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। অগ্রগতির এই ধারাটিকে অব্যাহত রাখতে হলে আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। সবার উপরে দেশকে স্থান দিতে হবে।

লিখিত বক্তব্যে উপস্থিত জনতাকে শুভেচ্ছা ও ছালাম জানিয়ে শুরুতেই অলিখিত বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিসহ আশেক মাহমুদ কলেজের ৭০বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আয়োজকরা তাকে জামালপুর এবং সরিষাবাড়ি উপজেলায় তার বেয়াই বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়াও লিখিত বক্তব্যের এক পর্যায়ে তিনি অলিখিত বক্তব্য উল্লেখ করে বলেন, আমি রাষ্ট্রপতি, সরকারের কেউ নই, খাঁচায় বন্দি, বঙ্গভবনের চার দেয়ালে আবদ্ধ থাকি। তাই আমি চাইলেই কিছু করতে পারি না।

আশেক মাহমুদ কলেজের উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, জামালপুরে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন সম্পর্কে বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম এমপি জানিয়েছেন। তবে এ অনুষ্ঠানে উপস্থিত সরকারের মন্ত্রী, এমপি ও সচিবগন আশেক মাহমুদ কলেজসহ জামালপুরের যেকোন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে কেউ চাইলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

আলোচনা সভা শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমবেত জনতা দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে বিদায় জানান। পরে সভামঞ্চে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কলেজের শিক্ষার্থীদের পরিবেশিত ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

কলেজের ৭০ বছর পূর্তি উৎসব অধিকতর প্রাণবন্ত করতে এবং মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর আগমনকে স্বার্থক করতে কলেজ মাঠে নির্মাণ করা দর্শনীয় সভামঞ্চের সামনে বিশাল প্যান্ডেলে ১২ হাজার চেয়ার ও শতাধিক সোফাসেটে কলেজের শিক্ষক-শিক্ষকা, প্রাক্তন কৃতি শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও কলেজের এ উৎসবের আমেজ সকলকে উপভোগ করার প্রয়াশে কলেজ ক্যাম্পাসসহ পুরো জামালপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্নতায় আওতায় এনে বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং আলোসজ্জায় সজ্জিত করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-02-2016/মইনুল হোসেন