মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, পানির স্রোতে ভেসে নিহত ২

ডেস্ক রিপোর্ট ৭০ বার পঠিত ৩ মিনিটের পাঠ

টানা বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত সোমবার রাত থেকে ভারী বর্ষণের ফলে উপজেলার বাইশারী, সোনাইছড়ি ও ঘুমধুমের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বীজ তলা, খামারসহ বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া পাহাড়ী ঢলে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়ক ও নাইক্ষ্যংছড়ি-গর্জনীয়া-বাইশারী সড়ক এবং উপজেলা সদরের সঙ্গে সোনাইছড়ি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি ঢলের পানির স্রোতে ঘুমধুমের বড়ুয়া পাড়ার সুবাস বড়ুয়ার ছেলে অশীষ বড়ুয়া (১৬) ও তুমব্রু খালে আব্দুর রহমান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বড়ুয়া পাড়ার আব্দুর রহিম (১৮) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া ও ধৈয়া বাপের মার্মা পাড়া পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার বীজতলা ভেসে গেছে পাহাড়ী ঢলের পানিতে। এছাড়া পূর্ব বাইশারী এলাকায় ছকিনা নামের এক বিধবা নারীর বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। লাগাতার বৃষ্টির ফলে বাইশারী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাইশারী বাজারের ব্যবসায়ী নেজাম উদ্দিন জানান, বাজারের উত্তর অংশে পানি নিস্কাসনের কালভার্ড বন্ধ করে দেওয়ায় বাজারের প্রধান সড়ক প্লাবিত হয়ে কিছু দোকানের ক্ষতি হয়েছে।

নারিচবুনিয়া এলাকার বাসিন্দা আব্দু সালাম জানান, সোমবার কৃষি জমিতে ধানের চারা রোপন করা হয়েছে। কিন্তু রাতের অতিরিক্ত বৃষ্টিতে এবং পাহাড় থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে। পুনরায় ধানের চারা রোপন করে ধান ঘরে তোলা সম্ভব হবে না।

আরিফ রাবার বাগানের সুপারভাইজার মো. ইউনুছ জানান, লাগাতার বৃষ্টির ফলে বাগানের টেপিং বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধ্বসে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বাইশারী সিএনজি সমিতির সাধারণ সম্পাদক হামিদুল হক জানান, টানা বৃষ্টির ফলে বাইশারী-গর্জনীয়া-নাইক্ষ্যংছড়ি সড়কের কয়েকটি জায়গায় ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে ঘুমধুমের তুমব্রু’র কোনারপাড়া এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে তুমব্রু বাজারের কয়েকটি দোকান, নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বাড়ি তলিয়ে গেছে।

তুমব্রু বাজারের ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের অর্ধশত দোকানে কোমর সমান পানি ডুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে। এছাড়া একদিকে লকডাউনে আয় নেই। এদিকে পাহাড়ি ঢলে মালামাল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী জানান, টানা বৃষ্টিতে বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া, ধৈয়া বাপের মার্মা পাড়াসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েকশত বাড়ীঘর। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।