মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুলিশের হেফাজত থেকে পালাল আসামি

ডেস্ক রিপোর্ট ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

নাটোর কোর্ট হাজতখানা চত্বরে পুলিশের হেফাজতে থাকা মনিরুল ইসলাম (২৪) নামে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে হাতকড়া থেকে হাত বের করে ওই ব্যক্তি পালিয়েছে বলে দাবি করছে পুলিশ।

পলাতক আসামি মনিরুল জেলার বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন বিকাল ৪টার দিকে ভ্যান চুরির মামলায় গ্রেফতার হওয়া ছয়জনকে নাটোর কোর্ট হাজতে আনে লালপুর থানা পুলিশ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাড়ি থেকে তাদের নামিয়ে কোর্টে নেওয়ার সময় মনিরুল হাতকড়া থেকে কৌশলে নিজের হাত বের করে পালিয়ে যায়।

সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে কোর্ট হাজতখানার সামনে এসে আসামিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়।

এর পর আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য র্যাব, থানা পুলিশ, কোর্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশ একযোগে অভিযান শুরু করে। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন লালপুর থানার ওসি ফজলুর রহমান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় ধরতে অভিযান চলছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করা হবে। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।