মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সীতাকুণ্ডে গোলাগুলিতে হত্যা মামলার আসামি নিহত

ডেস্ক রিপোর্ট ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে কাজল (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাজলের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাব সদস্যরা খবর পেয়ে ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন ডাকাত সংঘবদ্ধ হয়েছে। এ সময় ডাকাতদের ধরতে অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় ডাকাতেরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে তিনি জেনেছেন। র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা করলে বিস্তারিত জানা যাবে।

নিহত কাজল উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার আসামি।