মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দাগনভূঞায় টিকা কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

ফেনীর দাগনভূঞা উপজেলার বাতশিরি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরেই এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, শনিবার সকালে বাতশিরি উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ছাত্রলীগের ১০ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম আগত লোকদের সহযোগিতা করছিল। এ সময় তাদের ওপর প্রতিপক্ষের ইমতিয়াজ আহম্মদ ফাহিম, মাইন উদ্দিন, পিয়াস, ইমন ও সোহাগের নেতৃত্বে ৩০থেকে ৪০ জনের একটি দল হামলা চালায়।

এতে রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, সাবেক শিক্ষা সম্পাদক ইফতিখার হোসেনসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। পরে কোরশমুন্সি ফাঁড়ি ও থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের আসিফ জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে ছাত্রলীগের ১০ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। বাতশিরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ওই স্বেচ্ছাসেবক কমিটির কর্মীরা কাজ করছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে।

সূত্র জানায়, ইমিতয়াজ আহম্মদ ফাহিমের গ্রুপের কর্মীদের ওই স্বেচ্ছাসেবক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই ক্ষোভ থেকে এই হামলা চালানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, ওই কেন্দ্র ছাড়া কোথাও সমস্যা হয়নি। আহতদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি অনুকূলে রয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।