গৃহবধুকে চেম্বারে ধর্ষণ, পল্লী চিকিৎসক গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে সাহারুল ইসলাম (৩৩) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাহারুল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাসেন আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের এক গৃহবধূ (৩০) চিকিৎসার জন্য তার কাছে গেলে চেম্বারের দরজা-জানালা বন্ধ করে দেন তিনি। এরপর স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে ওই গৃহবধুকে ধর্ষণ করেন।
পরে চেম্বার থেকে বের হয়ে ওই গৃহবধূ ঘটনাটি পরিবারসহ স্থানীয়দের জানালে শত শত মানুষ ওই চিকিৎসকের চেম্বার ঘিরে বিচার দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাহারুল ইসলামকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত পল্লী চিকিৎসকের পরিবার জানায়, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও ওই পল্লী চিকিৎসক সাহারুল ইসলাম অন্য নারীর সঙ্গে এ ধরনের ঘটনায় স্থানীয়ভাবে বিচারের মুখোমুখি হয়েছিলেন।