ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ সময় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।
শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সেলিম মিয়া বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।