আপনি কেন শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন : হাছান মাহমুদ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে না যেতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের মানুষ বিক্ষুব্ধ। তারা আপনাকে (খালেদা জিয়া) প্রতিহত করতে পারে। যেহেতু আপনি শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাই আপনি কেন শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন? আজ শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি ও উন্নয়নের লক্ষে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়া বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন দাবি করে হাছান মাহমুদ বলেন, তিনিসহ আরও কারা কারা বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী পায় না বিএনপি। বিএনপি অফিসে চেয়ারে বসা নিয়ে মারামারি করে তারা। একই রকমভাবে তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার জন্যও তারা মারামারি করেন। এই কারণেই তারা ইউপি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক ।