মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাজাপ্রাপ্ত আসামির মনোনয়ন বৈধ, জনমনে ক্ষোভ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

বাগেরহাটে আলোচিত ছাত্রলীগ নেতা রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হোসেন শেখ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছেন। রিটার্নিং অফিস তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাগেরহাটের সদর উপজেলার ৬নং যাত্রাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসাবে রহমান শেখের ছেলে হোসেন শেখ মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আলোচিত ছাত্রলীগ নেতা রাজু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

২০১৫ সালের ২৭ জুলাই বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান মামলার আসামি হোসেন শেখসহ ১২ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

হোসেন শেখ এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি এখনও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

মনোনয়ন বাছাইয়ের দিন আদালতের রায় ও নির্বাচনী বিধিসহ রিটার্নিং কর্মকর্তার নিকট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হোসেন শেখের প্রার্থিতা বাতিলের লিখিত আবেদন করেন নিহতের ভাই শেখ চঞ্চল মাহমুদ। কিন্তু সংশিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হোসেন শেখের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

এ ব্যাপারে ইউপি নির্বাচনের যাত্রাপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা প্রকৌশলী মো. মানিক হেসেন বলেন, ‘হোসেন শেখ সাজাপ্রাপ্ত হলেও সে যেহেতু উচ্চ আদালতের জামিনে আছেন বা মামলা বিচারাধীন আছে, সে জন্য আমি তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছি।’

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/26-02-2016/মইনুল হোসেন