মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে নারী ও শিশুও রয়েছেন। উদ্ধার অভিযান চলছে। ঢাকায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।

এর আগে আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নৌকার এক যাত্রী বলেন, ‘বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে নৌকাটি। নৌকায় আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলাম। পথে বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ডুবে যায় নৌকাটি। আমি সাঁতরে পারে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।’