চট্টগ্রামে বিএনপির মিছিলে পুলিশের বাধা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিতে আসার সময় একটি মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। নগরীর কাজির দেউরি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কাজীর দেউড়ির নাসিমন ভবনে নগর বিএনপির অফিসে সভা ছিল। ওই সভায় যোগ দিতে আসার সময় মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরে বিএনপির সভাটিও বন্ধ হয়ে যায়। পুলিশ মিছিল থেকে সাতজনকে আটক করে।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএনপির নেতাকর্মীদের বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টির পরিকল্পনা ছিল। তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। সেখান থেকে সাতজনকে আটক করা হয়েছে।