ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা সড়কে যান চলাচল বন্ধ
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ শুক্রবার সকালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে একটি ট্রাক ব্রিজটিতে উঠলে এর পাটাতন ভেঙে যায়। ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে একটি ট্রাক আটকে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগেও ক্ষতিগ্রস্ত এই ব্রিজটির পাটাতন ভেঙে যায়। তখনও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, ‘নাগরপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক। ট্রাকটি বেইলি ব্রিজে উঠলে পাটাতন ভেঙে আটকে যায়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বেইল ব্রিজটির ধারণ ক্ষমতা ৮ টন হলেও প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন চলাচল করে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।’
শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, টাঙ্গাইল থেকে আরিচা রোড় পাকা করে ধলেশ্বরী নদীতে সামছুল হক সেতু করেছে। এই সেতু কোনো কাজে আসছে না। টাঙ্গাইল থেকে আরিচা রোড়ে মোট ১২টি বেইলি ব্রিজ রয়েছে। এগুলোর সবগুলো ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী এস. এম আলামিন বলেন, ‘শিগগিরই ট্রাকটি সরানোসহ ব্রিজের পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।’