সিরাজগঞ্জে শোবারঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া মহল্লার ঘোষপাড়া বৃজগোপাল ঘোষের বাড়িতে গিয়ে দুটি লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বৃজগোপাল ঘোষের বাড়িতে ঘরের মেঝেতে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯) এর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন অপরজনকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।’
এদিকে, গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ জানিয়েছেন, সকাল ১০টা বেজে যাওয়ার পরেও তার ছেলে ও ছেলে বৌ ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করেন তিনি। পরে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান।